তেলুগু সিনেমার সুপারস্টার প্রভাস ও ‘অ্যানিমেল’ খ্যাত আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্যান-ইন্ডিয়ান মেগা প্রজেক্ট ‘স্পিরিট’। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই প্রধান নারী চরিত্রে দীপিকা পাড়ুকোনের থাকা না-থাকা নিয়ে জলঘোলা কম হয়নি।
পরবর্তীতে ছবি থেকে দীপিকার বাদ পড়া, সমান পারিশ্রমিক ও কাজের সময় নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক তৈরি হয়। অবশেষে এতদিন নীরব থাকার পর মুখ খুললেন সিনেমার অন্যতম প্রযোজক ও সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা। সিনেমা থেকে দীপিকাকে কেন বাদ দেওয়া হয়েছে— তা নিয়ে আনলেন বেশ কিছু বিস্ফোরক অভিযোগ!
সম্প্রতি ‘এনটিভি তেলুগু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রণয় রেড্ডি ভাঙ্গা জানান, দেড় বছর ধরে দীপিকার সঙ্গে কথাবার্তা চলছিল এবং সন্দীপ তাকে নেওয়ার ব্যাপারে ভীষণ আগ্রহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাজেটের কারণে বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দীপিকাকে বাদ দেওয়ার মূল কারণ হিসেবে অতিরিক্ত পারিশ্রমিকের দাবিকেই দায়ী করেছেন প্রযোজক। তিনি বলেছেন, ‘আমরা দীপিকাকে নির্ধারিত পারিশ্রমিকের চেয়েও আরও ৫ থেকে ৬ কোটি রুপি বেশি দিতে রাজি ছিলাম। কিন্তু তিনি সিনেমার মোট লভ্যাংশের ১০ শতাংশ দাবি করে বসেন! দেখুন, তিনি যা খুশি দাবি করতেই পারেন। কিন্তু সিনেমার সামগ্রিক বাজেট ও অর্থনীতি তো আমাদের পক্ষে থাকতে হবে। যখন দেখলাম এই শর্তে সিনেমা বানানো সম্ভব নয়, তখনই সন্দীপ বাধ্য হয়ে বিকল্প পথ খোঁজার সিদ্ধান্ত নেয়।’
কেবল পারিশ্রমিকই নয়, দীপিকার বিরুদ্ধে চরম পেশাদারিত্বহীনতারও অভিযোগ আনেন প্রণয়। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও যোগ করেন, “সিনেমা নিয়ে আলোচনার সময় আমরা তার কাছে ‘স্পিরিট’-এর মূল গল্প ও তার চরিত্র বিশদভাবে শেয়ার করেছিলাম। কাজের খাতিরে ভেতরে হওয়া গোপন আলোচনা বাইরে প্রকাশ করা সম্পূর্ণ অনুচিত। কিন্তু যখনই আমরা অন্য নায়িকা খোঁজা শুরু করলাম, অমনি দীপিকা ও তার টিম ভেতরের সমস্ত প্লট ও গোপন তথ্য বাইরে ফাঁস করতে শুরু করে! তার এই কর্মকাণ্ডে আমরা ভীষণভাবে বিরক্ত ও ক্ষুব্ধ।”
তবে এই গুরুতর অভিযোগগুলোর বিপরীতে দীপিকা পাড়ুকোন বা তার টিমের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
দীপিকা পাড়ুকোন বাদ পড়ার পর সেই জায়গায় যুক্ত করা হয়েছে ‘অ্যানিমেল’ খ্যাত জাতীয় ক্রাশ তৃপ্তি দিমরিকে। প্রভাসের বিপরীতে এটিই হবে তৃপ্তির প্রথম কাজ।
বিশাল বাজেটে নির্মিতব্য এই হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার সিনেমাটি ২০২৭ সালের ৫ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।
































